বজ্রপাতে মাদ্রাসার ৩ শিক্ষার্থী নিহত
নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদ্রাসার তিন শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে আরেকজন। আজ রোববার (২১ জুন) রাতে মনোহরদী উপজেলার পাঁচকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় মাগবিরের সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। ওই সময় অজু করতে গেলে বজ্রপাতে ৪ শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে শিবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। একজনকে আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবির বলেন, বজ্রপাতের তিন শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। একই সঙ্গে একজন আহত হয়েছে এবং তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। সে এখন ভালো আছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্বজিৎ সাহা, নরসিংদী