ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় নিহত ১
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাকের পেছনে মালবোঝাই আরেকটি ট্রাকের ধাক্কায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪৪ মিনিটের দিকে শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাসের ওপর মাওয়ামুখী এক্সপ্রেস রোডে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাওয়ামুখী একটি ট্রাক ত্রুটি মেরামতের জন্য সড়কের ওপর থেমে ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা মালবোঝাই আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সামনে থাকা ট্রাকের হেলপার আহত হন এবং পেছনের ট্রাকের হেলপার দুমড়ে-মুচড়ে যাওয়া কেবিনে আটকা পড়েন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক ইকুইপমেন্ট ব্যবহার করে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করে। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি হলেন মো. শওকত বেপারী (২৩)। তিনি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার দবির বেপারীর ছেলে। অপর আহত ইমরান মন্ডল (২৪) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মোড়দহ (বাঙ্গাল) এলাকার বাসিন্দা। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বিকল ট্রাকটি এক্সপ্রেসওয়ের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় বেপরোয়া গতির কারণে পেছনের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ড্রাইভার ও হেলপার মারাত্মকভাবে আহত হন ও আটকা পড়েন। দুর্ঘটনার পর দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে উদ্ধার কার্যক্রম শেষে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ