বাস-ভ্যান সংঘর্ষে শিশু শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ
দিনাজপুরের চিরিরবন্দরে যাত্রীবাহী বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জুনাইদ হাসান জিসান (৬) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আমতলী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান উপজেলার খেড়কাটি মধুপাড়া গ্রামের জুয়েল ইসলামের ছেলে এবং আমতলী এলাকার গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আমতলী বাজার এলাকায় আহাদ পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু জিসান প্রাণ হারায়। আহতদের উদ্ধার করে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়, ফলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
চিরিরবন্দর থানার ওসি (তদন্ত) আহসান হাবিব জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)