বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ করা হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী
বিমানবন্দরে প্রবাসীদের হয়রানিসহ তাদের সব ধরনের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমবারের মতো নিজ এলাকা সিলেটে পৌঁছে তিনি এসব কথা বলেন।
দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্তমান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
সবাইকে সঙ্গে নিয়ে পরিকল্পিত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের সঙ্গে কথা বলে তাদের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করা হচ্ছে।
আরিফুল হক চৌধুরী জানান, পবিত্র রমজানের প্রথম দিনটি তিনি পরিবারের সঙ্গে কাটাবেন।
এদিকে আগামীকাল শুক্রবার দুপুরে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত ও সেখানে জুমার নামাজ আদায় করবেন আরিফুল হক চৌধুরী। পরে বিকেলে তিনি দক্ষিণ সুরমা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিবেন।
শনিবার সকালে মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের কবর জিয়ারত ও বরূনা মাদ্রাসায় পীর সাহেব রশীদুর রহমান ফারুক বর্ণভীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে মন্ত্রীর।
রোববার নির্বাচনি এলাকা কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর পরিদর্শন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধিজনদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। ওদিন বিকেলে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সজল ছত্রী, সিলেট