ঋণখেলাপিদের সঙ্গে রেখে দুর্নীতিবিরোধী বক্তব্য জনগণের সঙ্গে প্রতারণা : নাহিদ ইসলাম
এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, তারেক রহমান যেসব ঋণখেলাপি ব্যক্তিকে এমপি-মন্ত্রী বানিয়েছেন, তারা কবে নাগাদ ঋণ পরিশোধ করবেন? ঋণখেলাপিদের সঙ্গে রেখে তারেক রহমানের দুর্নীতিবিরোধী বক্তব্য জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামটরে এনসিপির দলীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, ‘বিএনপি ভারত ও আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ করে নির্বাচন করেছে। এজন্য দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। এটি অবিলম্বে বন্ধ না হলে সারাদেশে রাজনৈতিকভাবে প্রতিহত করার ডাক দেওয়া হবে।’
মন্ত্রিসভার গঠন নিয়ে সমালোচনা করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘আঞ্চলিক বৈচিত্র্য রক্ষা করে একটি অন্তর্ভুক্তিমূলক মন্ত্রিসভা গঠনে তারেক রহমান ব্যর্থ হয়েছেন। তিনি তারুণ্যকে প্রাধান্য দিতে পারেননি। এমনকি হত্যা মামলার আসামিকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এদের দিয়ে তারেক রহমান কোনোভাবেই দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারবেন না।’ সংবিধান সংস্কার বিষয়ে তিনি বলেন, ‘সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি গণভোটের জনরায়ের সঙ্গে প্রতারণা করেছে। দ্রুত সংসদ অধিবেশন ডেকে সংস্কার পরিষদের শপথ গ্রহণের মাধ্যমে সংসদ কার্যকর করার আহ্বান জানাই।’
সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের ওপর দমন-পীড়ন না করারও আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘কার্যকর গণতন্ত্রের স্বার্থে ভিন্নমতের সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

নিজস্ব প্রতিবেদক