২১ ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই : ডিএমপি কমিশনার
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশে ফেব্রুয়ারি শহীদ দিবসের অনুষ্ঠান ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে শেখ মো. সাজ্জাত আলী এসব কথা বলেন। তিনি বলেন, এরপরেও দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে ১৫ হাজার পুলিশ সদস্যের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে।
ডিএমপি কমিশনার আরও বলেন, মহান শহীদ দিবসে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক লোকসমাগম হবে। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে।
শৃঙ্খলা ও শহীদ মিনারের পবিত্রতা বজায় রেখে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বসাধারণকে অনুরোধ জানান ডিএমপি কমিশনার।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. সাজ্জাত আলী বলেন, আমি আশা করি কোনো সমস্যা হবে না এবং নিরাপত্তা ব্যবস্থা শুধু শহীদ মিনার কেন্দ্রীক হয় না। আমাদের নিরাপত্তা ব্যবস্থা পুরা ঢাকা শহর নিয়ে ও পুরা ঢাকা শহরকে আমরা সিকিউর রাখার জন্য সব সময় চেষ্টা করি। এখনো সেই চেষ্টা করে যাবো।
সাধারণের জন্য পলাশীর মোড়-জগন্নাথ হল ক্রসিং হয়ে শহীদ মিনারের রুট অনুসরণ করার নির্দেশনা দিয়ে ডিএমপি কমিশনার বলেন, এর বাইরে অন্য কোনো রাস্তা দিয়ে শহীদ মিনারে প্রবেশ করা যাবে না। শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এটি সবাইকে মেনে চলতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার থেকে রোমানা ক্রসিং হয়ে দোয়েল চত্বর অথবা চানখার পুল হয়ে শহীদ মিনার ত্যাগ করা যাবে।
ডিএমপি কমিশনার বলেন, শহীদ মিনারে কেউ কোনো ধরনের ধারাল বস্তু বা দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্য নিয়ে আসার চেষ্টা করবেন না। সবাই নির্দিষ্ট রুট অনুসরণ করে শহীদ মিনারে প্রবেশ করবেন এবং নির্দিষ্ট রুট অনুসরণ করে প্রস্থান করবেন। আপনার শ্রদ্ধা নিবেদন শেষে অন্যকে সুযোগ দিন এবং শৃঙ্খলা বজায় রাখুন।
নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে শুক্রবার সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশপথে ডাইভারশন চলবে জানিয়ে কমিশনার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসকারী শিক্ষক ছাত্র কর্মকর্তা কর্মচারীরা সেসব ট্রাফিক নির্দেশনা অনুসরণ করে আমাদের সহযোগিতা করবেন।

নিজস্ব প্রতিবেদক