মানুষকে ডাক্তারের পিছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পিছনে ঘুরবে : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণ একটি দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলা হবে। মানুষকে ডাক্তারের পিছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পিছনে ঘুরবে। চিকিৎসাসেবা মানুষের দোরগোরায় পৌঁছে দেওয়া হবে। চিকিৎসা সেবাকে সহজলভ্য ও সার্বজনীন করার মনমানসিকতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আশা করছি, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের উদ্দেশ্য সম্পূর্ণরূপে পূরণ হবে।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের নিজ বাড়িতে প্রশাসন ও নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা আমাদের ভোট দিয়েছে তাদের ওপর যেমন দায় রয়েছে, যারা ভোট দেয়নি তাদের প্রতিও সমানভাবে দায় রয়েছে। সকল প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে, সকল বিদ্বেষ ভুলে গিয়ে আমরা মুক্তিযুদ্ধের সকল পক্ষের মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধশীল ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তুলবো।
সাখাওয়াত হোসেন বকুল বলেন, একটা মেডিকেল কলেজ নরসিংদীতে করার চিন্তা আছে, আপনারা দোয়া করবেন। বাংলাদেশে আরও যেখানে যেখানে দরকার হবে সবখানে করা হবে। নরসিংদীর ২৫০ শয্যা হাসপাতালসহ যেগুলো চালু হয়নি সেগুলো যেন দ্রুত চালু হয় এজন্য আমরা কাজ করবো। নরসিংদীতে দুটি আইসিইউ ইউনিট আনার জন্য আমি ইচ্ছে পোষণ করেছি।
এ সময় নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল নিজ বাড়িতে পৌঁছালে প্রশাসন ও নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত

বিশ্বজিৎ সাহা, নরসিংদী