গাইবান্ধায় গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় মিলেছে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুই ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম নিহতদের নাম-ঠিকানা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া এলাকার বাসিন্দা লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) ও একই ইউনিয়নের মস্তাপুর এলাকার বাসিন্দা মঈনুল ইসলাম (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এক নারী তার এক আত্মীয়সহ ঢাকা থেকে পলাশবাড়ীর ঠুটিয়াপুকুর এলাকায় বাস থেকে নামেন। তারা ইদিলপুর ইউনিয়নের মাদারহাট খেয়াঘাট (ভাঙা ব্রিজ) এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী দেশীয় অস্ত্রের মুখে তাদের পথরোধ করে এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা ধাওয়া দিলে ছিনতাইকারীরা মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে মোজাহিদপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তারা একটি পুকুরে পড়ে যায়। এ সময় স্থানীয়রা দুজনকে পুকুর থেকে তুলে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম জানান, নিহতদের স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেছেন। এ ঘটনায় নিহত লেবু মিয়ার মা ফুলমতি বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা