সীমান্তে ২ কোটি ২২ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্তের গদখালী বাজার এলাকা থেকে ২ কোটি ২২ লাখ টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বারসহ সাহাব উদ্দিন সরদার (৪৪) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলদেশ (বিজিবি)।
আজ শুক্রবার (২৬ জুন) দুপুরে সাহাব উদ্দিনকে আটক করা হয়। তার বাড়ি বেনাপোল বন্দর থানার বালুন্ডা গ্রামে।
বিজিবি জানায়, গোপন খবরে পাচারকারীর অবস্থান জানতে পারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। বিজিবির বেনাপোল বিওপির একটি দল আজ দুপুরে সাহাব উদ্দিন সরদারকে গদখালী বাজার এলাকা থেকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কোমরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৩টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের ওজন এক কেজি ১৫৮ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ২২ লাখ টাকা। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, সাহাব উদ্দিন ঢাকার সায়েদাবাদ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণেরবারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের জন্য বেনাপোলের পুটখালী সীমান্তের উদ্দেশে যাচ্ছিলেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, গদখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোর্পদ করা হয়েছে। জব্দ স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।

মহসিন মিলন, যশোর (বেনাপোল)