স্বর্ণ ও রুপার দামে বড় পতন
মার্কিন ডলারের শক্ত অবস্থান ও ট্রেজারি বন্ডের চড়া সুদের চাপে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন ঘটেছে। এতে করে মূল্যবান এই ধাতুর দাম নেমে এসেছে বিগত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। খবর রয়টার্সের।
বুধবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড বা প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে চার হাজার ১০৭ দশমিক ৮৮ ডলারে নেমে আসে, যা গত ৫ আগস্টের পর সর্বনিম্ন।
এদিন মার্কিন ডলার সূচক ০.৪ শতাংশ বৃদ্ধি পাওয়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণের কেনা কিছুটা ব্যয়বহুল হয়ে পড়েছে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে আবারও সুদের হার বাড়ার সম্ভাবনা ৮৬ শতাংশ ধরে রাখা হয়েছে। ক্যানসাস সিটি ফেডের সভাপতি জেফ শমিড জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সুদের হার বাড়ানো প্রয়োজন হতে পারে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, উচ্চ জ্বালানি মূল্য, রেকর্ড সরকারি ঋণ ও এআই খাতের বিনিয়োগ ঝুঁকি বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। তবে চীনের কেন্দ্রীয় ব্যাংক সেপ্টেম্বর মাসেও টানা ২৩ মাসের মতো স্বর্ণ কেনা অব্যাহত রেখেছে।
এদিকে লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা পূর্বাভাস দিয়েছেন, আগামী ১২ মাসের মধ্যে স্বর্ণের দাম প্রতি আউন্স পাঁচ হাজার ১৩ ডলারে পৌঁছাতে পারে।
অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ২ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৫৯ দশমিক ৯৬ ডলারে নেমেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ৩ দশমিক ৫ শতাংশ কমে এক হাজার ৬৪১ দশমিক ৪৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে এক হাজার ১৪০ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক