বাংলার মতো গৌরবময় ইতিহাস পৃথিবীর অল্প কিছু ভাষার আছে : বিদ্যুৎমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলা ভাষার মতো গৌরবময় ইতিহাস পৃথিবীর অল্প কিছু ভাষার আছে। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যুৎমন্ত্রী বলেন, বাংলা ভাষার যে ইতিহাস, তেমন ইতিহাস খুব কম ভাষারই রয়েছে। বাংলা ভাষার মতো গৌরবময় ইতিহাস পৃথিবীর অল্প কিছু ভাষার আছে। এজন্য আমি বলতে চাই- নিজেকে ভালোবাসুন, নিজের দেশকে ভালোবাসুন। নিজের যা কিছু আছে, সেটাকেই ভালোবাসুন। নিজের ভাষা ও নিজের সংস্কৃতিকে আমাদের নিজেদেরই ধারণ ও লালন করতে হবে; অন্য কেউ তা করে দিতে পারবে না।
বিদ্যুৎমন্ত্রী আরও বলেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না। ইনকিলাব ডোন্ট মাই ল্যাংগুয়েজ। ইনকিলাব মঞ্চ হয়েছে, তার সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। আমি যে এসব কথাবার্তা বললাম, দেখা যাবে আমাকে ব্যান করে ফেলবে। বলবে ভারতের দালাল- অনেক কিছু বলতে পারে। কিন্তু আমি বলব। কারণ এ কথা বলার জন্যই আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। মরে গেলে আজ কেউ নাম নিত না। বেঁচে আছি বলেই আজ মন্ত্রী হয়েছি। দেশকে ভালোবাসতে হলে পরিশুদ্ধ করতে হবে। তাহলেই বাংলা ভাষা রক্ষা করা হবে।
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কামরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা গাজী আজিজুর রহমান দুলাল প্রমুখ।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ