বিয়েবাড়ি থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের জাবরিপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঘটনাটি ঘটেছে উপজেলার ভাবিচা ইউনিয়নের জাবরিপাড়া গ্রামে।
গ্রেপ্তার করা তিনজন হলেন লথিরাম সরেনের ছেলে অরুপ (২০), খুদিরাম হাসদার ছেলে রঞ্জন হাসদা (১৯) এবং ইশ্বর সরেনের ছেলে প্রশান্ত সরেন (১৯)। তাদের সবার বাড়ি জাবরিপাড়া গ্রামে।
ভুক্তভোগীর খালার করা এজাহার সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি জাবরিপাড়া গ্রামে একটি বিবাহ অনুষ্ঠান হয়। পরের দিন ২১ ফেব্রুয়ারি বিকেলে কনেকে নিয়ে যাওয়ার জন্য আত্মীয়স্বজনরা সেখানে উপস্থিত হন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্তদের একজন কৌশলে ভুক্তভোগী তরুণীকে বাড়ির বাইরে ডেকে নেয়। এরপর তিনজন মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। একপর্যায়ে তরুণী ঘটনাস্থল থেকে পালিয়ে বিয়ে বাড়িতে ফিরে স্বজনদের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা অভিযুক্তদের ধরার চেষ্টা করলে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর খালা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, মামলার পরিপ্রেক্ষিতে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সুলতান আহমেদ, নওগাঁ (মান্দা-নিয়ামতপুর)