তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ২ আসামি গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশায় এক তরুণীকে গাজীপুর থেকে বিয়ের প্রলোভনে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাংশা মডেল থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল মঙ্গলবার (৩ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে ঢাকার ধামরাই থানার ইসলামপুর থেকে তাদের গ্রেপ্তার করে।
আসামিরা হলেন আকাশ মণ্ডল ও জামাল মণ্ডল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি রাতভর উপজেলার বহলাডাঙ্গা সরকারি আশ্রয়ণ কেন্দ্রের একটি কক্ষে নিয়ে ওই তরুণীকে আকাশ ও জামাল পর্যায়ক্রমে ধর্ষণ করে। এ সময় তার কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার কেড়ে নেয় তারা।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, আসামি আকাশ মণ্ডলের নামে ছয়টি ও জামাল মণ্ডলের নামে অস্ত্র, ডাকাতিসহ চারটি মামলা রয়েছে।

মো. কবির হোসেন, রাজবাড়ী