তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, চার আসামির যাবজ্জীবন
ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শহিদুল ইসলাম, নিজাম, মনির হোসেন সেন্টু ও সাইফুল ইসলাম। রায়ে কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। দণ্ডিতদের মধ্যে সাইফুল ইসলাম বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর বিকেলে ভুক্তভোগী তরুণী তার এক বান্ধবীর সঙ্গে কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদ এলাকায় বেড়াতে যান। সন্ধ্যায় আসামিরা জোরপূর্বক তাকে একটি নৌকায় তুলে বুড়িগঙ্গা নদীর মাঝখানে নিয়ে যায় এবং সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরবর্তী সময়ে তাকে একটি বাড়ির কক্ষে আটকে রাখা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং কামরাঙ্গীরচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আদালত প্রতিবেদক