৪৫তম বিসিএসে মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্তদের সনদ জমার নির্দেশ
বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৪৫তম ব্যাচে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মুক্তিযোদ্ধা সনদ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২-এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে সাময়িকভাবে প্রকাশিত ফলাফলে যেসব প্রার্থী মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন সে সকল প্রার্থীকে মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ের জন্য নির্ধারিত ছক পূরণ করে সংশ্লিষ্ট সনদ ও রেকর্ডপত্র আগামী ২ মার্চের মধ্যে আবশ্যিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখায় ডাকযোগে বা সরাসরি প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল গত বছরের ২৭ নভেম্বর প্রকাশ করা হয়। এতে ১ হাজার ৮০৭ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হন।

নিজস্ব প্রতিবেদক