খুলনার বায়তুন নূর শপিং সেন্টারে আগুন, ক্ষতিগ্রস্ত ১০ দোকান
খুলনার নিউমার্কেট সংলগ্ন বাইতুন নূর শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার পর মার্কেটের একটি মোবাইল ফোনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ ঘটনায় ১০ থেকে ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়ছে।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল মালেক বলেন, মার্কেটে ঝুঁকিপূর্ণ অবস্থায় অসংখ্য বৈদ্যুতিক তার রয়েছে। এছাড়া যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা নেই। খবর পেয়ে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা