উজিরপুরে অগ্নিকাণ্ডে নিঃস্ব ৫ পরিবার
বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মল্লিক বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি পরিবারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে মো. জলিল মল্লিকের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানায়, মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। প্রতবেশীরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পাঁচটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন আব্দুল জলিল মল্লিক, কবির মল্লিক, সিদ্দিক মল্লিক, আ. হক মল্লিক ও আ. রব মল্লিক।
বড় ও ছোট মিলিয়ে মোট সাতটি বড় ঘর ও ছয়টি ছোট ঘরসহ আসবাবপত্র, নগদ অর্থ, ধান-চালসহ প্রয়োজনীয় সামগ্রী পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত আব্দুল জলিল মল্লিক বলেন, আমার ঘর থেকেই আগুন শুরু হয়েছে বলে শুনেছি। ঘরের আসবাবপত্র, নগদ টাকা, ধান-চাল সব পুড়ে গেছে। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হবে।
আরেক ক্ষতিগ্রস্ত আব্দুল হক মল্লিক বলেন, আমরা কিছুই বাঁচাতে পারিনি। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আমাদের পাঁচটি পরিবারের থাকার জায়গা নেই। আমরা সরকার ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।
ফায়ার সার্ভিসের সাব-অফিসার আবদুর রশিদ বলেন, খবর পেয়ে আমাদের নয় সদস্যের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শটসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
ঘটনার পর পরই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরণ করেন এবং পাশে থাকবেন বলে জানিয়েছেন।

কমল পূলক, বরিশাল (উজিরপুর)