স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল বিরোধী অভিযানে ৩ নারীর কারাদণ্ড
বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন নারীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
আটক দুই নারীকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অপর এক নারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে হয়রানি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ হাসপাতাল চত্বর থেকে তাদের আটক করা হয়।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা আনিস নামে এক রোগী বলেন, দালালদের কারণে আমাদের মতো সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হয়। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডল বলেন, সরকারি হাসপাতালে দালাল চক্রের কোনো স্থান নেই। রোগীদের সঙ্গে প্রতারণা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অসাধু কার্যক্রমের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা জানান, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এবং সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চিকিৎসা পায়, সেজন্য প্রশাসন সতর্ক রয়েছে। পর্যায়ক্রমে এলাকার অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কমল পূলক, বরিশাল (উজিরপুর)