ইউএনওর সহায়তায় স্কুলে ফিরল ভাইরাল শিশু তুবা
বরিশালের উজিরপুরে চোর সন্দেহে বিদ্যুতের খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে চা-রুটি খাইয়ে দেশব্যাপী আলোচিত ভাইরাল শিশু তুবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহায়তায় বিদ্যালয়ে ফিরেছে। এর আগে চার মাস ধরে সে বিদ্যালয়ে যেতে পারেনি বলে জানিয়েছে তার পরিবার।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বামরাইলে তুবার বাড়িতে গিয়ে তাকে নিয়ে এসে উজিরপুর ইউএনও মো. আলী সুজা বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দেন। এ সময় বিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকরা তুবাকে স্বাগত জানায়।
তুবার মা জান্নাতুল ফেরদৌস বলেন, আমার মেয়ে বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে অধ্যয়নরত ছিল। নানাবিধ কারণে গত ৪ মাস স্কুলে যেতে পারছিল না। অবশেষে ইউএনও স্যারের সহায়তায় আমার মেয়ে আবার স্কুলে ফিরেছে।
ইউএনও মো. আলী সুজা বলেন, এত দিন তুবা স্কুলে যেতে পারেনি—বিষয়টি দুঃখজনক। তাই আমি নিজেই তুবাকে নিয়ে বিদ্যালয়ে এসেছি। তার পড়াশোনা যাতে আর বন্ধ না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। ইতোমধ্যে তুবার বাবা অনিককে চিকিৎসার জন্য রিহ্যাবে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরলে তাকে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিশু তুবার পড়াশোনা অব্যাহত রাখার বিষয়টিও প্রশাসনের নজরদারিতে থাকবে।
গত ২৬ সেপ্টেম্বর উজিরপুরের বামরাইলে কথিত চুরির অভিযোগে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে অনিক সরদার নামের এক যুবককে ব্যাপক মারধর করা হয়। এ সময় অনিকের হাত বাঁধা অবস্থায় তার নয় বছরের মেয়েশিশু তুবা তার বাবা অনিক সরদারকে চা-রুটি খাইয়ে দেয়। যার ভিডিও দেশব্যাপী ভাইরাল হয়।

আকতার ফারুক শাহিন, বরিশাল