যৌন হয়রানি : আইনজীবী মোবারকের ৩ বছরের কারাদণ্ড
রাজধানীর ওয়ারীতে এক নারীকে যৌন হয়রানির মামলায় মোবারক হোসেন মোহন নামে ঢাকা আইনজীবী সমিতির আইনজীবীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুনতাসির আহমেদ এ রায় দেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহিনা আক্তার সাজার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিচারক আসামিকে কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেছন এবং অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন।’
নথি থেকে জানা গেছে, মোবারক হোসেন মোহন ভুক্তভোগীর চাচাতো ননদের জামাই। ওয়ারীর ভজহরি সাহা স্ট্রিট এলাকায় একই বাসার ভিন্ন কক্ষে বসবাস করেন তারা। মোবারক হোসেন বিভিন্ন সময় ওই নারীকে খারাপ প্রস্তাবসহ বিভিন্ন অঙ্গভঙ্গি দেয়। তিনি বিষয়টি তার স্বামীকে জানান। তবে লোকলজ্জার ভয়ে তার স্বামী বিষয়টি কারও কাছে প্রকাশ করেনি।
২০১৭ সালের ২০ আগস্ট রাত পৌনে ৯টার দিকে বাসার রান্না ঘরের পাশে পেছন থেকে জাপটে ধরে ওই নারীকে যৌন হয়রানি করেন মোবারক। এ ঘটনায় ওই নারী ওইদিনই ওয়ারী থানায় মামলা করেন। পরে একই বছরের ৩০ সেপ্টেম্বর রাজধানীর ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশীদ আসামি মোবারকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত প্রতিবেদক