প্যারোলে মুক্তি মেলেনি ছেলের, জেলগেটে গেল বাবার মরদেহ
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বরিশাল মহানগরের ১৫নং ওয়ার্ডের সভাপতি আহসান শাহরুখ তার বাবা আবুল বাশারের মৃত্যুতেও প্যারোলে মুক্তি পাননি। তাই বাবার মরদেহ নিয়ে জেলগেটে যেতে হয়েছে স্বজনদের। বাবা-ছেলের শেষ বারের মতো দেখা হয়েছে বরিশাল জেলগেটে।
বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় আহসান শাহরুখের বাবা আবুল বাশার মারা যান। এর আগে চলতি মাসেই পুলিশের হাতে গ্রেপ্তার হন আহসান শাহরুখ।
আহসান শাহরুখের স্বজন ও বন্ধু আল আমিন বলেন, এ নিয়ে তিন বার আহসান শাহরুখকে গ্রেপ্তার করা হয়েছে। তার চিন্তায় বাবা আবুল বাশারের এমন মৃত্যু হয়েছে। আমরা প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে রাজনৈতিক মামলা হওয়ায় কেউ আমাদের কোনো সহযোগিতা করেনি। শাহরুখের ভাই অনেক কান্না করছে। তাতেও কারও মন গলেনি। একটা মরদেহের খাট ধরতেও তো চারজন লাগে। আর আমাদের জেলগেটে তিনজন যেতে দিয়েছে।
শাহরুখের আইনজীবী অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মিন্টু বলেন, প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছিলাম। তবে অতিরিক্ত জেলা প্রশাসক প্যারোলে মুক্তি দেওয়া সম্ভব না জানিয়ে জেলগেটে দেখা করতে বলেছেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়। এ বিষয়ে জানতে জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা বলেন, ‘আমার কাছে প্যারোলে মুক্তির একটি আবেদন আসে। আবেদনটি জেলা প্রশাসক বরাবর ছিল। পরে আবেদনের বিষয়টি আমি জেলা প্রশাসক স্যারকে জানাই। স্যার অফিসে না থাকায় আবেদনটি হোয়াটস অ্যাপে দিই। স্যার আবেদনের পরিপ্রেক্ষিতে জেলগেটে দেখা করার সিদ্ধান্ত দেন। এখানে পুরো বিষয়টি স্যারই সিদ্ধান্ত নেন। পরে আমি সিদ্ধান্তের বিষয়টি আসামির স্বজনদের জানিয়ে দিই।’

আকতার ফারুক শাহিন, বরিশাল