শিশুসন্তানসহ কারাগারে যুবলীগ নেত্রী শিল্পী
রাজধানীর তেজগাঁও থানায় করা হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগের নেত্রী মোসা. শিল্পী বেগমকে শিশুসন্তানসহ কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোনাঈদ এ আদেশ দেন।
এদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আসামি শিল্পীকে তার এক মাস ১৬ দিন বয়সী সন্তানসহ হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফারজানা ইয়াসমিন রাখি বলেন, এমন নিষ্ঠুর নজির এদেশের মানুষ আজ দেখল, যেখানে একজন মাকে তার এক মাস ১৬ দিনের দুধের শিশুসহ পুলিশ ধরে নিয়ে আসে। এর মাধ্যমে মা ও শিশুর মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে।
আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি আরও বলেন, আসামির কোলে থাকা শিশুর বিষয়টি বিবেচনায় নিয়ে জেল কোড অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
মামলার নথি থেকে জানা গেছে, গতকাল সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে শিল্পী বেগমকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ২০২৫ সালের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় দায়ের করা এক মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।
এজাহারে বলা হয়, ২০২৪ এর জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. তাহমিদ মুবিন রাতুলের ওপর এবং পরে তার বাসায় হামলা এবং পাঁচ লাখ টাকা লুটপাটের ঘটনায় শিল্পী বেগমের সম্পৃক্ততা পাওয়া গেছে। গত বছরের ১ জানুয়ারি ওই ঘটনায় ভুক্তভোগীর মা শাহনূর খানম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০৩ জন এবং অজ্ঞাত আরও ১২০-৩০ জনের বিরুদ্ধে মামলা করেন।

আদালত প্রতিবেদক