প্রধানমন্ত্রীর পদক্ষেপে অপহরণের ১ ঘণ্টার মধ্যে উদ্ধার হলো স্কুলছাত্র
প্রধানমন্ত্রী তারেক রহমানের পদক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে এক স্কুলছাত্রকে উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে খিলগাঁওয়ের নির্মাণাধীন একটি ভবন থেকে ছেলেটিকে উদ্ধার করে পুলিশ।
অপহরণের শিকার ওই স্কুলছাত্রের বাবা সচিবালয়ের কর্মচারী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ছেলের অপহরণের খবর শুনে কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর দপ্তরে ঢুকে পড়েন ওই ব্যক্তি। প্রধানমন্ত্রীকে পেয়েও যান। প্রধানমন্ত্রী এই খবর শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশনা দেন।
পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন।
অপহৃত ছেলেটি খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলে নবম শ্রেণিতে পড়ে। দুপুর আড়াইটার সময় স্কুল থেকে বের হওয়ার পর চার-পাঁচ জন তাকে জোড়পুকুর এলাকায় সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। পরে সেখানে তাকে মারধর করা হয় এবং বাবার নম্বরে ৫০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়। পুলিশ অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে ফেলে। পরে ওই ভবনে অভিযান চালিয়ে ছেলেটিকে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

নিজস্ব প্রতিবেদক