নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জে তাবাসসুম খাতুন (৪) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কালীগঞ্জের বারবাজার এলাকার আব্দুল জব্বার প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। শিশু তাবাসসুম বারবাজার এলাকার বাদেডিহি গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
জানা গেছে, গতকাল বুধবার বিকেল ৩টার দিকে বাড়ির পাশে খেলা করার সময় নিখোঁজ হয় শিশু তাবাসসুম। এ দিন সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি পরিবার। ওই দিন সন্ধ্যায় শিশুটির সন্ধান চেয়ে ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন স্থানীয় একাধিক মানুষ। ঘটনার পর আজ সকালে স্থানীয় আব্দুল জব্বার প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে মুখ বাঁধা অবস্থায় একটি রক্তমাখা বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বস্তা খোলার পর শিশুটির রক্তাক্ত মরদেহ শনাক্ত করে স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় সুবর্ণসারা পুলিশ ফাঁড়ির আইসি আশিক আহমেদ বলেন, শিশুটির গায়ে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ধারণা করছি তার সঙ্গে খারাপ কিছু হয়েছে। ময়নাতদন্তের পরই বাকিটা জানা যাবে।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)