আখাউড়ায় ১৯ মামলার আসামি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদয় মিয়া (৩০) নামে ১৯টি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আখাউড়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার উদয় মিয়া আখাউড়া উপজেলার দ্বিজয়পুর গ্রামের বাসিন্দা।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল আখাউড়া ওয়াশফিট সংলগ্ন ১ নম্বর লাইনের ওপর অভিযান পরিচালনা করে এই আসামিকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি ভোরে আখাউড়া রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে কুমিল্লার বাঙ্গরা বাজারের জসিম উদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। ওই ছিনতাইয়ের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ওসি এস এম শফিকুল ইসলাম আরও জানান, গ্রেপ্তার উদয় মিয়ার বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে।

সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)