গ্রেপ্তার দেখানো হলো সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে
রাজধানীর গুলশানে নাজিম উদ্দিন নামে এক মাদ্রাসাছাত্রকে হত্যাচেষ্টা মামলায় নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (১৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। বিষয়টি ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
মোক্তার হোসেন বলেন, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত ১০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক আজ আসামির উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর দিন নির্ধারণ করেন। এদিন আদালতে আসামিকে হাজির করা হয়।
মামলার নথি থেকে থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার দক্ষিণে বাঁশতলা এলাকায় বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় আসামিরা ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলিবর্ষণ করে। এতে মাথায় গুলিবিদ্ধ হন নাজিম উদ্দিন। পরবর্তীকালে সিটি স্ক্যান করলে তার মাথায় ১৮০টি ছররা গুলি দেখতে পান কর্তব্যরত চিকিৎসক। যার মধ্যে ১২৭টি গুলি বের করা হয়। ওই ঘটনায় ভিকটিমের খালা গুলশান থানায় বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

আদালত প্রতিবেদক