অন্য যেকোনো সময়ের চেয়ে ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে : রবিউল আলম
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহণ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, অন্য যেকোনো সময়ের চেয়ে ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি নিতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর নির্মাণাধীন ভবন পরিদর্শনে এসে এসব কথা বলেন মন্ত্রী।
শেখ রবিউল আলম জানান, ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নদীপথে দূষণ ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা নারায়ণগঞ্জ ডাবল লাইন প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেন তিনি।
শেখ রবিউল আলম বলেন, লাইটার জাহাজে গমসহ প্রয়োজনীয় পণ্য নির্ধারিত সময়ের মধ্যে খালাস না করে মজুত রাখার অভিযোগ পাওয়া গেছে। এতে কৃত্রিম সংকট তৈরি হলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে কিছু প্রমাণ মিলেছে এবং ব্যাখ্যাও চাওয়া হয়েছে।
এ সময় নৌপরিবহণ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহণ সচিব ড. নুরুন নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়াল এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা ও নৌ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারেক স্বপন, নারায়ণগঞ্জ