বর্ষায় উন্নয়ন কাজে কোনো দুর্নীতি করতে দেওয়া হবে না : পানিসম্পদ মন্ত্রী
আসন্ন বর্ষা মৌসুম সামনে রেখে নদী ও খাল খনন এবং হাওর রক্ষা বাঁধ নির্মাণে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার ঘোষণা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘বর্ষার কাজে কোনো ধরনের দুর্নীতি করতে দেওয়া হবে না। কঠোর তদারকির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করে কাজ আদায় করে নেওয়া হবে।’
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
দুর্নীতি দূর করাকে বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘বিগত সরকারের আমলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি। জনগণের আমানত রক্ষায় আমরা বদ্ধপরিকর।’
সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, ‘ভৌগোলিক কারণে সিলেট অঞ্চলে পাহাড়ী ঢল ও বন্যার ঝুঁকি বেশি থাকে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বেশ কিছু প্রকল্প চলমান আছে এবং নতুন আরও কিছু প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এছাড়া ভারতের সঙ্গে যৌথ নদী কমিশনেও আলোচনা চলছে। জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।’
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সভা শেষে পানিসম্পদ মন্ত্রী সিলেটের কয়েকটি নদীভাঙন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং দ্রুত সংস্কারের আশ্বাস দেন। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।

সজল ছত্রী, সিলেট