কিশোরগঞ্জে রেড ক্রিসেন্টের ওয়াটার রেসকিউ সক্ষমতা জোরদার
বর্ষার আকাশে কখনো টানা বৃষ্টি, কখনো উজান থেকে নেমে আসা ঢল। নদী-খালবেষ্টিত কিশোরগঞ্জে এমন পরিস্থিতিতে পানি বাড়তে খুব বেশি সময় লাগে না। আর পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে মানুষের দুর্ভোগ, আটকে পড়ার আশঙ্কা এবং জরুরি উদ্ধারের প্রয়োজনীয়তা। সেই আশঙ্কা মাথায় রেখেই এবার আগেভাগে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের হাতে তুলে দেওয়া হয়েছে জরুরি ওয়াটার রেসকিউ সরঞ্জাম। লক্ষ্য একটাই—দুর্যোগের মুহূর্তে বাইরে থেকে সহায়তার অপেক্ষা না করে স্থানীয় পর্যায়েই যেন দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা যায়।
গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) সকালে রাজধানীর মগবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদরদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টারে এক অনুষ্ঠানে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়। কিশোরগঞ্জের জেলা প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানের হাতে সরঞ্জাম তুলে দেন সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম।
চীন সরকারের কাছ থেকে পাওয়া এই সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে একটি রাবার বোট ও ইঞ্জিন, ১০টি লাইফ ভেস্ট, ২০টি রেড ক্রিসেন্ট ভেস্ট, দুটি রেসকিউ রোপ, দুটি রেসকিউ রোপ ব্যাগ এবং পাঁচ জোড়া গ্লাভস।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সেক্রেটারিয়েটের মিডিয়া কো-অর্ডিনেটর ফারজানা জেরিন শ্রাবন্ত এসব তথ্যের পাশাপাশি জানান, দুর্যোগের সময় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে জরুরি মানবিক সহায়তা পৌঁছে দিতে প্রয়োজনীয় সক্ষমতা ও সরঞ্জাম নিশ্চিত করতে সোসাইটি কাজ করে যাচ্ছে। বন্যাকবলিত মানুষের জীবন ও নিরাপত্তা সুরক্ষায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ প্রস্তুতি, জরুরি সাড়াদান ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম ও ম্যানেজিং বোর্ড সদস্য ডা. মো. সারোয়ার আলম। এ ছাড়া সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম এনডিসি এবং ডিজাস্টার রেসপন্স বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এনটিভি অনলাইন ডেস্ক