তরুণ-তরুণীকে ছুরিকাঘাত করে ফোন-টাকা ছিনতাই
কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশাল মিয়া (২২) ও রহিমা বেগম (২০) নামে দুই তরুণ-তরুণী আহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। গুরুতর আহত বিশালকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের চিৎকার শুনে পথচারীরা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সন্ধ্যায় বিশাল ও রহিমা মেঘনা নদীর ত্রি-সেতু এলাকায় ঘুরতে যান। পরে বাড়ি ফেরার পথে সেতু এলাকা থেকে কিছুটা এগোতেই গরু বাজার এলাকার দুই ছিনতাইকারী তাদের পথরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা বিশালের বাম ঊরুতে এবং রহিমার কাঁধে ছুরিকাঘাত করে। পরে তাদের সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও বিশালের অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। রহিমাকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা আরমান মিয়া বলেন, মেঘনা ব্রিজ এলাকা ভৈরবের একটি পর্যটন এলাকা হলেও ছিনতাইয়ের কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক রয়েছে।
মেঘনা ব্রিজ এলাকার কফি হাউসের মালিক ফারুক মিয়া বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। বিশালের অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় গামছা দিয়ে তার পায়ে প্যাঁচিয়ে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, লোকমাধ্যমে ছিনতাই ও আহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালেও খোঁজ নেওয়া হয়েছে। আহত যুবককে ঢাকায় পাঠিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মোস্তাফিজ আমিন, ভৈরব