হিন্দু সম্প্রদায়কে নির্ভয়ে দুর্গোৎসব পালনের বার্তা প্রতিমন্ত্রীর
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের আহ্বান জানিয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, আপনারা সম্পূর্ণ নিশ্চিন্তে ও নির্ভয়ে দুর্গোৎসব পালন করুন। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং আমাদের দলীয় নেতাকর্মীরা সর্বোচ্চ সতর্ক ও সজাগ রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেওয়া হবে না। তবে সবাইকে সজাগ থাকতে হবে, কারণ দুষ্কৃতকারীরা কোনো অঘটন ঘটিয়ে সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টা করতে পারে।
আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের ভৈরবের ঐতিহাসিক ঋষিপট্টি এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন শেষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সমাবেশ শেষে তিনি নদী তীরে স্মারক বৃক্ষরোপণ করেন।
প্রতিমন্ত্রী চলতি বছর ভৈরবসহ সারা দেশে পূজামণ্ডপের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর বিষয়টি তুলে ধরে বলেন, মণ্ডপের সংখ্যা বৃদ্ধিই প্রমাণ করে সনাতন ধর্মাবলম্বীরা এবার কতটা স্বাচ্ছন্দ্য ও নির্বিঘ্নে পূজা উদযাপন করছেন। এ বছর প্রতিটি মণ্ডপে সরকারিভাবে ৬০০ কেজি করে চাল এবং প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে শাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া আমার ব্যক্তিগত তহবিল থেকেও প্রতিটি মণ্ডপে আর্থিক ও সার্বিক সহায়তা পৌঁছে দেওয়া হবে।
উপজেলা প্রশাসন ও ভৈরব পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কে. এম. মামুনুর রশীদ। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন ও পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেনসহ স্থানীয়রা।
এর আগে সকালে প্রতিমন্ত্রী শরীফুল আলম শহরের কালিপুর এলাকায় একটি মাদ্রাসার আধুনিক বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং শহরের পুরাতন ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে বিপুল পরিমাণ মাছের পোনা অবমুক্ত করেন।

মোস্তাফিজ আমিন, ভৈরব