মসজিদের টাকার হিসাব নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে প্রাণ গেল মধ্যস্থতাকারীর
সুনামগঞ্জের ছাতকে মসজিদের টাকার হিসাব নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে সৃষ্ট সংঘর্ষে ফজল মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী নোয়াকোট গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ফজল মিয়া নোয়াকোট গ্রামের সুনু মিয়ার ছেলে এবং ওই মসজিদ কমিটির সদস্য ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মসজিদের ফান্ডের টাকার হিসাব নিয়ে একই গ্রামের মাসুক মিয়ার সঙ্গে ইয়াসিন মিয়ার দুই ছেলে চান মিয়া ও আয়না মিয়ার দীর্ঘদিনের বিরোধ ছিল। শনিবার দুপুরে মাসুক মিয়া ইয়াসিন মিয়ার বাড়িতে গিয়ে তাদের দুই ছেলেকে এ বিষয়ে আর কথা না বলতে সতর্ক করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়।
এ সময় মারামারি থামাতে মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে যান প্রতিবেশী ফজল মিয়া। দুই পক্ষকে শান্ত করার চেষ্টাাকালে তিনি প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে পার্শ্ববর্তী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মসজিদের ফান্ডের টাকার হিসাব সংক্রান্ত বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।’

দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ