রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার
রাজবাড়ীতে শনিবার অস্ত্র ও গুলিসহ মুন্না মন্ডল নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : এনটিভি
রাজবাড়ীতে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দুটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলিসহ মুন্না মন্ডল (২২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম।
ওসি মো. মফিজুল ইসলাম জানান, শনিবার বিকেল সারে চারটার দিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়াগামী একটি বাসে তল্লাশি চালিয়ে মুন্না মন্ডলের জ্যাকেট থেকে দুটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওসি মফিজুল ইসলাম আরও জানান, গ্রেপ্তার হওয়া মুন্না মন্ডলের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

মো. কবির হোসেন, রাজবাড়ী