দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মারা যাওয়া টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ দেশে এসেছে।
গতকাল রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে অ্যাম্বুলেন্সে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ বেনাপোল চেকপোস্টে পৌঁছায়। সেখান থেকে স্বজনেরা মরদেহ নিয়ে টাঙ্গাইলের বাড়ির পথে রওনা হন।
গত শুক্রবার কলকাতার দমদম বিমানবন্দরের কাছে ফিনিক্স মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জোয়াহেরুল ইসলাম। দীর্ঘদিন অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনদিন লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানে রাজনৈতিক ক্ষমতার বদল হওয়ার পর থেকে জোয়াহেরুলকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এরই মধ্যে দেশে নিষিদ্ধ হয় আওয়ামী লীগের কার্যক্রম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় হয় দলটির সভানেত্রী শেখ হাসিনার। হত্যা, গুমসহ সারা দেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়, যাদের অনেকে ভারতে পালিয়ে আছেন।
জোয়াহেরুলের পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যান তিনি। কলকাতার নিউটাউনে বসবাস করছিলেন। তার স্ত্রী মেডিকেল ভিসায় সেখানে রয়েছেন। সম্প্রতি তার এক মেয়েও নিউটাউনের বাসায় আসেন।
শুক্রবার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যক্ষ এবং হৃৎপিণ্ডের ক্রিয়া নিষ্ক্রিয় হয়ে জোয়াহেরুলের মৃত্যু হয় বলে ফনিক্স মেডিকেলের চিকিৎসকরা জানান।
২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন জোয়াহেরুল।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মহসিন মিলন, বেনাপোল