প্রেমিকের আমন্ত্রণে ডিনারে এসে খুন হলেন তরুণী
ভারতের বেঙ্গালুরুতে ২৩ বছর বয়সী এক তরুণী প্রেমিকের আমন্ত্রণে ডিনার করতে এসে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন। খাবারের টেবিলে বিয়ে নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে প্রেমিক তাকে ছুরিকাঘাতে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। খবর এনডিটিভির।
নিহত তরুণীর নাম অঞ্জলি। গতকাল রোববার (২৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কর্মক্ষেত্রে পরিচয়ের পর অঞ্জলি ও অভিযুক্ত রাজীবের মধ্যে গত তিন-চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। তবে, রাজীবের সঙ্গে বিয়ে দিতে আপত্তি ছিল অঞ্জলির পরিবারের।
পুলিশ আরও জানায়, অঞ্জলি ও তার পরিবারকে বিয়েতে রাজি করানোর জন্য বারবার চেষ্টা করেছিল রাজীব। জানা গেছে, সাম্প্রতিক দিনগুলোতে বাবা-মায়ের চাপে পড়ে অঞ্জলি তাকে এড়িয়ে চলতে শুরু করেছিল।
গতকাল রোববার সন্ধ্যায় রাজীব অঞ্জলিকে তার সঙ্গে রাতের খাবার খেতে ডাকেন এবং আবারও বিয়ের প্রসঙ্গ তোলেন। এর জেরে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে অঞ্জলি হেঁটে চলে যাচ্ছিল, কিন্তু রাজীব তার পিছু নেয় এবং সঙ্গে থাকা একটি ছুরি দিয়ে তার গলায় আঘাত করে। এরপর স্থানীয়রা অঞ্জলিকে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে রাজীবকে গ্রেপ্তার করেছে। ময়নাতদন্তের জন্য অঞ্জলির মরদেহ এম এস রামাইয়া হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও তদন্ত চলছে।

এনটিভি অনলাইন ডেস্ক