অভিনেতা আলভী বিরুদ্ধে মামলা, তদন্ত প্রতিবেদন ১৫ এপ্রিল
রাজধানীর মিরপুরের বাসা থেকে স্ত্রী ইভনাথ খান ইকরার মরদেহ উদ্ধারের ঘটনায় অভিনেতা জাহের আলভীসহ দুজনের বিরুদ্ধে করা আত্মহত্যার প্ররোচণার মামলায় আগামী ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এই আদেশ দেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এই তথ্য জানিয়ে বলেন, ঢাকার সিএমএম আদালতে মামলার এজাহার আসলে আদালত তা গ্রহণ করে আগামী ১৫ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার অপর আসামি হলেন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি।
নথি থেকে জানা গেছে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস নেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে পুলিশ।
পরবর্তীতে ইকরার আত্মহত্যার ঘটনায় শনিবার রাতেই মামলা করেন তার মামা শেখ তানভীর আহমেদ। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’তার ভাগনি ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মামলায় অভিযোগ করেন তিনি।

আদালত প্রতিবেদক