কসবায় অবৈধভাবে মাটি কাটায় অর্থদণ্ড, ড্রেজারের কার্যক্ষমতা নষ্ট
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ড্রেজার মেশিনের কার্যক্ষমতা নষ্ট করা হয় এবং অবৈধ কাজে ব্যবহৃত পাইপগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সোমবার (২ মার্চ) পরিচালিত এ অভিযানে কসবা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির ঘটনাস্থলে উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ড্রেজার ব্যবহার করে কৃষিজমির মাটি কেটে নেওয়া হচ্ছিল, যা স্থানীয় কৃষি উৎপাদন, জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্যের জন্য হুমকি সৃষ্টি করছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির বলেন, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ভবিষ্যতেও আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)