লালন সাঁই স্মরণে ছেউড়িয়ায় আলোচনা সভা
কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ায় আখড়াবাড়িতে লালন সাঁই-এর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২ মার্চ) দুপুরে লালন একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। মুখ্য আলোচকের বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রাশিদুজ্জামান।
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় একতারা-ডুগডুগির সুরে মুখরিত লালন দোলপূর্ণিমা উৎসব। ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ফকির লালন শাহের এই অমিয় বাণীর টানে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় সাধু-ভক্তের মিলনমেলায় পরিণত হয়েছে। তবে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় এবার উৎসবের চিরাচরিত জৌলুশে কিছুটা ভিন্নতা এসেছে। সীমিত পরিসরে ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় এবারের আয়োজন।
প্রতিবছর দোলপূর্ণিমা তিথিতে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হলেও এবার তা এক দিনে নামিয়ে আনা হয়েছে। জেলা প্রশাসন ও লালন একাডেমি জানায়, রমজানের কারণে মেলা এবং রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে পূর্ণ সেবা গ্রহণের মধ্য দিয়ে এবারের সংক্ষিপ্ত লালন দোল উৎসবের সমাপ্তি ঘটবে।
উৎসবের আনুষ্ঠানিকতা সীমিত হলেও ভক্তদের হৃদয়ের টান কমেনি। কয়েক দিন ধরেই বাউল, সাধু ও দর্শনার্থীরা আখড়াবাড়িতে সমবেত হতে শুরু করেন। আখড়া প্রাঙ্গণের আনাচে-কানাচে ছোট ছোট দলে বিভক্ত হয়ে বাউলেরা মেতে উঠেছেন ভাব বিনিময়ে। একতারা ও ডুগডুগির সুরে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)