জিয়ানগর উপজেলার নাম পুনর্বহালে বিএনপির আনন্দ মিছিল
পিরোজপুরের জিয়ানগর উপজেলার নাম পুনরায় ফিরে পাওয়ার খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনের নেতৃত্বে উপজেলা পরিষদ মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
২০২৫ সালের ২০ জানুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম বৈঠকে ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে ‘জিয়ানগর উপজেলা’ হিসেবে নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে জিয়ানগর উপজেলা হিসেবে নামকরণ করা হয়।
এর আগে ২০১৭ সালের ৯ জানুয়ারি শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৩তম সভায় পিরোজপুরের ৭ম উপজেলা জিয়ানগরের নাম পরিবর্তন করে ইন্দুরকানী উপজেলা হিসেবে নামকরণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয় এবং পরে ওই বছরের ৮ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (উপজেলা-১ শাখা) জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানী উপজেলা করা হয়েছিল।
আনন্দ মিছিল শেষে জিয়ানগর বাজারে ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন, জেলা যুবদলের সদস্য এস কে আল আমিনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

রশিদ আল মুনান, পিরোজপুর