আড়াই কোটি টাকার ভারতীয় আতশবাজি ও প্রসাধন সামগ্রী জব্দ
কুমিল্লায় টাস্কফোর্সের পৃথক অভিযানে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় অবৈধ আতশবাজি, ফুচকা ও প্রসাধন সামগ্রী জব্দ করা হয়েছে। আজ বুধবার (৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে মীর আলী এজাজ জানান, চোরাচালান প্রতিরোধ ও আন্তসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দিনগত রাতে বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমান ফারসী।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় এক কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় আতশবাজি, ফুচকা ও প্রসাধন সামগ্রী জব্দ করা হয়। এ ছাড়া একই উপজেলার পালপাড়া ব্রিজ এলাকায় বিজিবির বিশেষ টহল দল পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল ভারতীয় বাজি জব্দ করে, যার আনুমানিক সিজারমূল্য ৯৫ লাখ ৬৪ হাজার টাকা।
সব মিলিয়ে মোট দুই কোটি ৫৯ লাখ ৫০০ টাকা মূল্যের অবৈধ চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দ করা মালামাল কাস্টমসে জমা করা হয়েছে।

মাহফুজ নান্টু, কুমিল্লা