ফেনীতে কুরিয়ার সার্ভিসে অভিযান, বিপুল ভারতীয় পণ্য জব্দ
ফেনীতে একটি কুরিয়ার সার্ভিসের শাখায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে যৌথ বাহিনী। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে অবস্থিত ওই কুরিয়ার সার্ভিসের শাখায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও বিপুল পরিমাণ আতশবাজি রয়েছে।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবির সদস্যদের একটি সমন্বিত দল এই ঝটিকা অভিযান চালায়। অভিযানকালে কুরিয়ার সার্ভিসের ভেতর থেকে অবৈধভাবে আসা এসব ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কুরিয়ার সার্ভিসের শাখা ম্যানেজার আতিকুর রহমানকে বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।
অভিযান চলাকালে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন, ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া ও বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন জানান, জব্দকৃত চোরাচালান মালামালগুলো ফেনী জায়লস্করস্থ বিজিবি সদর দপ্তরে নেওয়া হয়েছে। সেখানে বর্তমানে মালামালের ইনভেন্টরি ও সিজার লিস্ট (জব্দ তালিকা) প্রস্তুত করার কাজ চলছে। প্রক্রিয়া শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকর্মীদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তোফায়েল আহাম্মদ নিলয়, ফেনী