অপহরণের পর মুক্তিপণ দাবি, আটক ৪
গাজীপুর মহানগরীর ভাওয়াল রাজবাগান এলাকায় এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী আতিকুর রহমান তালুকদার সদর থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে জয়দেবপুর কলাপট্টি এলাকায় কর্মস্থলে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় ছিলেন চাপুলিয়া এলাকার আবুল কালাম আজাদ তালুকদারের ছেলে আতিকুর রহমান। এ সময় তার পূর্বপরিচিত মারুফ হাসান তাকে কৌশলে অটোরিকশায় তুলে হাড়িনাল নোয়াগাঁও এলাকার ভাওয়াল রাজবাগানের ভেতরে নিয়ে যান। সেখানে আগে থেকে অবস্থান করছিল আরও তিনজন যুবক। সেখানে পৌঁছামাত্র মারুফ তার কাছে থাকা একটি ছুরি বের করে ভয়ভীতি দেখায়। পরে সবাই মিলে আতিকুরের হাত-পা ও মুখ বেঁধে ফেলে এবং মারধর শুরু করে। একপর্যায়ে তার কাছে থাকা এক হাজার ৪৫০ টাকা নিয়ে নেয়। এরপর তার মোবাইল ফোন দিয়ে স্বজনদের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না পেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
ভুক্তভোগীর স্বজনরা বিষয়টি পুলিশকে জানালে সদর থানার টহল দল রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে এবং আতিকুরকে উদ্ধার করে। আটক করা তিনজন হলো মারুফ হাসান, তানজিব হোসেন ও মো. সোহরাব।
এ সময় অজ্ঞাত সহযোগীরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, আটক আসামির কাছ থেকে ছিনিয়ে নেওয়া নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি সুইস গিয়ার ছুরি ও হাত-পা বাঁধার রশি জব্দ করা হয়েছে। আহত আতিকুরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা রুজু হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নাসির আহমেদ, গাজীপুর