মারামারি থামাতে গিয়ে যুবদল নেতা নিহত
লক্ষ্মীপুরের রায়পুরে দুই রিকশাচালকের মারামারি থামাতে গিয়ে কিল-ঘুষির আঘাতে বেল্লাল হোসেন মিশরী (৫০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রায়পুর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বেল্লাল রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রিকশা দাঁড় করানো নিয়ে চালক আরমান ও অপর বৃদ্ধ রিকশাচালক কবির মোহরির মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়লে কাছেই থাকা বেল্লাল হোসেন তাদের থামাতে যান। এতে ক্ষিপ্ত হয়ে আরমান যুবদল নেতা বেল্লালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে বেল্লাল হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা বিকেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে অভিযুক্ত আরমানকে গ্রেপ্তারের দাবি জানান। অভিযুক্ত আরমান রায়পুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের শাহ আলম বয়াতির ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে। নিহতের ছোট ভাই হেলাল হোসেন বলেন, ‘আমার ভাইকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। আমরা দ্রুত ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর