স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
নওগাঁর আত্রাইয়ে নিজ বাড়িতে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী নিজেও আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে আত্রাই উপজেলার বলরামচক চৌধুরীপাড়ায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন চৌধুরীপাড়ার গৌতম সরকারের ছেলে রাজ সরকার জয় (২৭), তাঁর স্ত্রী বৃষ্টি সরকার (২২) ও ২৭ মাসের মেয়ে সন্তান জিনি সরকার।
বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।
স্থানীয়রা বাসিন্দারা জানায়, রাজ সরকার জয় মাদকাসক্ত ছিলেন। স্বামী মাদকাসক্ত ও বেপরোয়া হওয়ায় স্ত্রী বৃষ্টি সরকার অনেকবার সংসার ছেলে চলে যান এবং ফিরেন আসেন। গতকাল বৃহস্পতিবার রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে রাতে জয় তার স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে নিজেও ছুরি দিয়ে নিজের শরীরেও আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থলেই স্ত্রী বৃষ্টি সরকার মারা যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দেখতে পেয়ে জয় ও তার সন্তানকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তারা দুজনই মারা যায়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আব্দুল করিম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে স্ত্রী বৃষ্টি সরকারের মরদেহ উদ্ধার করা হয়। আর গুরুতর আহত অবস্থায় স্বামী ও সন্তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তারা দুজনই মারা গেছে।
ওসি আরও বলেন, নিহত রাজ সরকার জয় মাদকাসক্ত ছিলেন। তিনি পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে বেপরোয়া আচরণ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও মাদকাসক্তির কারণে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার পর নিজেও ছুরিকাঘাতে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আসাদুর রহমান জয়, নওগাঁ