ইসলামপুরে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে ব্যবসায়ীরা উধাও
জামালপুরের ইসলামপুরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পেট্রোল পাম্প ও খুচরা দোকানে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। শুক্রবার (৬ মার্চ) রাত থেকে উপজেলার বিভিন্ন পাম্প ও দোকানে তালা লাগিয়ে ব্যবসায়ীরা উধাও হয়ে যাওয়ায় মোটরসাইকেল, প্রাইভেটকার ও ট্রাক্টর চালকসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের জেরে জ্বালানি সংকটের গুজব ছড়িয়ে পড়লে অধিক লাভের আশায় ব্যবসায়ীরা তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন।
আজ শনিবার (৭ মার্চ) সকালে ইসলামপুর পৌর এলাকার একমাত্র ঝর্ণা ফিলিং স্টেশনসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সব ধরনের তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। জ্বালানি নিতে আসা যানবাহনের দীর্ঘ লাইন থাকলেও পাম্প মালিকরা সরবরাহ না দেওয়ায় অনেক চালক ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
তেল সংকটের বিষয়ে ঝর্ণা ফিলিং স্টেশনের পরিচালক আমিনুল ইসলাম জানান, সিরাজগঞ্জের ডিপো থেকে চাহিদামতো জ্বালানি না পাওয়ায় তাঁরা ডিলার ও খুচরা বিক্রেতাদের সরবরাহ দিতে হিমশিম খাচ্ছেন। একই সুর শোনা গেছে সওদাগর পেট্রোলিয়ামের ডিলার মিস্টার আলী ও মুন্নি ট্রেডার্সের ডিলার আবুল কালামের কণ্ঠেও। তাঁদের দাবি, প্রতিদিনের চাহিদার অর্ধেক তেলও ডিপো থেকে পাওয়া যাচ্ছে না, যার ফলে দোকান বন্ধ রাখতে হচ্ছে।
তবে সচেতন মহলের দাবি, কিছু অসাধু ব্যবসায়ী পরিকল্পিতভাবে এই সংকট তৈরি করছেন। পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও তাঁরা তেল বিক্রি বন্ধ করে রেখেছেন। দ্রুত এই অসাধু চক্রের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম জানান, বাজার স্থিতিশীল রাখতে তাঁরা নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করছেন এবং অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আসমাউল আসিফ, জামালপুর