দশম স্থানে থেকেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ দশের মধ্যে রয়েছে ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আজ রোববার (৮ মার্চ) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, আজ সকাল ৯টা ১০ মিনিটে রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ১৬৬। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দশম অবস্থানে রয়েছে রাজধানী শহর ঢাকা।
একই সময়ে দূষিত শহরের তালিকার ২৮২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৪০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। তৃতীয় স্থানে থাকা নেপালের রাজধানী কাঠমন্ডুর স্কোর ১৮৯। এছাড়া ১৭৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা এবং ১৭৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সেনেগালের ডাকার।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

নিজস্ব প্রতিবেদক