বৃষ্টিতেও ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে তালিকায় কত?
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৬৬ মিলিমিটার বৃষ্টির পরেও আজ বায়ুদূষণের মাত্রা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ সোমবার (২২ জুন) বিশ্বে বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শহরটি। সকাল ৮টায় ঢাকার একিউআই স্কোর ১৬৭।
বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য জানা গেছে।
একিউআই সূচক অনুযায়ী, আজ ২৫৩ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি। ঢাকার সমান ১৬৭ স্কোর নিয়ে তৃতীয়তে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ১২৭ স্কোর নিয়ে চতুর্থতে রয়েছে আরব আমিরাতের দুবাই এবং ১০৯ স্কোর নিয়ে ইসরায়েলের তেল আবিব-ইয়াফোর অবস্থান পঞ্চমে।
একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এনটিভি অনলাইন ডেস্ক