খাল খনন কর্মসূচি এক ধরনের বিপ্লব : পানিসম্পদ মন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের জলাবদ্ধতা নিরসন ও সেচ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নেওয়া খাল খনন কর্মসূচি কেবল একটি প্রকল্প নয়, এটি একটি আন্দোলন এবং এক ধরনের বিপ্লব। তিনি বলেন, নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী প্রথম ধাপে এক হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা থাকলেও এখন দৃশ্যমান অগ্রগতি দেখে ধারণা করা হচ্ছে এর পরিমাণ ১২০০ কিলোমিটারেরও বেশি হবে।
আজ রোববার (৮ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় একটি খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পানিসম্পদ মন্ত্রী এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে পরিকল্পনা ও বাস্তবায়নের অগ্রগতি বিবেচনায় এই লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ ধরনের কর্মসূচি শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতাকে সামনে রেখে এবার নতুনভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
পানিসম্পদ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনী কর্মসূচির মধ্য দিয়ে আসন্ন ঈদের আগেই দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে আগামী মঙ্গলবার একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান মন্ত্রী। ওই বৈঠকে প্রধানমন্ত্রী কোন কোন জেলায় উপস্থিত থেকে উদ্বোধন করবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, দিনাজপুরে উপস্থিত থেকেই প্রধানমন্ত্রী এই কর্মসূচির উদ্বোধন করবেন।
খাল পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসাসহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক হোসেন এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)