নদী ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বাড়ানো দরকার : পানিসম্পদ মন্ত্রী
পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নদী ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বাড়ানো দরকার। তিনি বলেন, দেশে ছোট বড় প্রায় এক হাজার ৪১৫টি নদ-নদী রয়েছে। এসব নদ-নদী এক একটি জীবন্ত সত্তা। শনিবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটরিয়ামে ‘নোঙর ট্রাস্ট’ নামে একটি সংগঠনের উদ্যোগে ‘জাতীয় নদী দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম হাতে নিচ্ছেন। আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নদী ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। খাল খননের সঙ্গে খাল ও নদীর অবৈধ দখল ও দূষণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ইতোমধ্যে পদ্মা ব্যারাজ প্রকল্প পাস হয়েছে। পদ্মা ব্যারাজ নির্মাণের ফলে দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলের ২৪টি জেলার জীবন-জীবিকা, কৃষি, মৎস্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং নদীতে নাব্যতা ফিরে আসবে।
তিস্তা মহাপরিকল্পনার বিশেষজ্ঞ মতামত ও সমীক্ষা শেষ হলে সহসাই প্রকল্প অনুমোদনের আশ্বাস দেন পানিসম্পদ মন্ত্রী।
নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)