দেশের ১৬ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আজকের আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থির হাওয়া বয়ে যেতে পারে।
এই পরিস্থিতির প্রেক্ষিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত এক বার্তায় এই নির্দেশনা প্রদান করা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক